গরম বাড়ার সঙ্গে সঙ্গে শুধু মানুষেরই অস্বস্তি বাড়ে না, প্রভাব পড়ে স্মার্টফোনের ওপরও। অনেকেই অভিযোগ করেন, আগের তুলনায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ফোন গরম হয়ে যাচ্ছে কিংবা পারফরম্যান্স কমে যাচ্ছে। কখনও কখনও ব্যাটারি ফুলে যাওয়া বা দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
প্রযুক্তিবিদদের মতে, অতিরিক্ত তাপমাত্রাই এর অন্যতম প্রধান কারণ। বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, যা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। অতিরিক্ত গরমে ব্যাটারির ভেতরের রাসায়নিক কার্যক্রম দ্রুত বাড়ে। ফলে চার্জ দ্রুত কমে যায় এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির কার্যক্ষমতাও কমে যেতে পারে।
তবে কিছু সহজ অভ্যাস বদলালেই গরমের সময়ও ফোন ভালো রাখা সম্ভব।
স্ক্রিনের ব্রাইটনেস কম রাখুন: রোদে বের হলেই অনেকেই ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেন। এতে ডিসপ্লে বেশি শক্তি ব্যবহার করে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই সম্ভব হলে ব্রাইটনেস অটো মোডে রাখুন অথবা প্রয়োজন অনুযায়ী কমিয়ে ব্যবহার করুন। এতে ফোন তুলনামূলক কম গরম হবে।
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন: বাইরে থাকলে ব্যাটারি সেভিং মোড চালু রাখলে ভালো ফল পাওয়া যায়। এতে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ কম চলবে এবং চার্জ দীর্ঘসময় থাকবে। পাশাপাশি প্রয়োজন না হলে ব্লুটুথ, জিপিএস, হটস্পট, এনএফসি বা ৫জি সংযোগ বন্ধ রাখতে পারেন।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে চার্জ দ্রুত শেষ হয়। তাই ব্যবহার না করলে অ্যাপগুলো বন্ধ রাখা ভালো।
সরাসরি রোদে ফোন রাখবেন না: গাড়ির ড্যাশবোর্ড, জানালার পাশে বা রোদের মধ্যে ফোন ফেলে রাখা ঠিক নয়। এতে ফোনের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হতে পারে। সবসময় চেষ্টা করুন ফোন ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে।
অটো-সিঙ্ক বন্ধ রাখুন: ফোনে ইমেইল বা অন্যান্য অ্যাকাউন্টের অটো-সিঙ্ক চালু থাকলে বারবার ডেটা আপডেট হয়, যা ব্যাটারির ওপর বাড়তি চাপ ফেলে। তাই প্রয়োজন না হলে এই সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন।
চার্জে রেখে ভারী কাজ করবেন না: অনেকেই ফোন চার্জে বসিয়ে গেম খেলেন, ভিডিও দেখেন বা ভিডিও কলে কথা বলেন। এতে একই সঙ্গে চার্জ ও শক্তি খরচ চলতে থাকে, ফলে ফোন দ্রুত গরম হয়ে যায়। প্রযুক্তিবিদদের মতে, এটি ব্যাটারির জন্য ক্ষতিকর।
নিম্নমানের চার্জার ব্যবহার এড়িয়ে চলুন: খারাপ মানের চার্জার বা ক্ষতিগ্রস্ত ক্যাবল শুধু ফোন গরমই করে না, দীর্ঘমেয়াদে ব্যাটারিরও ক্ষতি করতে পারে। এমনকি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। তাই সবসময় ভালো মানের চার্জার ব্যবহার করা উচিত।
ওয়্যারলেস চার্জিংয়ে সতর্ক থাকুন: ওয়্যারলেস চার্জিং অনেক ক্ষেত্রে বেশি তাপ তৈরি করে। গরমের দিনে ফোন অতিরিক্ত গরম হলে তারযুক্ত চার্জার ব্যবহার করাই ভালো।
ফোন বেশি গরম হলে যা করবেন
যদি ফোন অস্বাভাবিক গরম হয়ে যায়, তাহলে মোটা কভার খুলে ফেলুন এবং ফোনটি ঠান্ডা জায়গায় রাখুন। কিছু সময়ের জন্য এয়ারপ্লেন মোড চালু করতে পারেন। পাশাপাশি অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন এবং চার্জে থাকলে খুলে ফেলুন। প্রয়োজন হলে কয়েক মিনিট ফোন বন্ধ রাখলেও উপকার পাওয়া যেতে পারে।
সঠিকভাবে ব্যবহার করলে গরমের সময়ও স্মার্টফোনের ব্যাটারি ও পারফরম্যান্স ভালো রাখা সম্ভব। ছোট ছোট কিছু অভ্যাস বদলালেই মিলতে পারে বড় উপকার।
সূত্র: সংবাদ প্রতিদিন