Image description

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও এ আয়োজন হয়।

 

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরিকতপন্থী অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘরের সাবেক সভাপতি ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিন প্রমুখ।

 

তবে সেখানে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে নগরজুড়ে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছিল। এ কারণে এবারের আয়োজনে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।

 

 

সন্ধ্যার পর আইভীর বাসভবনের ভেতরে অবস্থিত খানকা শরীফে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাসভবন ও এর সামনের সড়কে শিশু-কিশোররা মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে। একই সঙ্গে আশুরা উপলক্ষে তাজিয়া প্রস্তুতের কাজও চলতে দেখা যায়।

 

এদিকে রাত পৌনে ১০টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করে। এ সময় আইভীর বাসার গেট বন্ধ করে দেওয়া হয়। মিছিলটি অতিক্রম করার সময় এলাকাবাসী রাস্তায় বের হয়ে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহররমকে কেন্দ্র করে আয়োজিত ধর্মীয় কর্মসূচি ও একই সময়ে রাজনৈতিক মিছিল—দুইয়ের সমন্বয়ে দিনটি নগরবাসীর কাছে বিশেষভাবে আলোচিত হয়ে ওঠে।