Image description

গত মাসে নতুন বোর্ড গঠনের পর তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি নিজেদের দ্বিতীয় বোর্ড সভাতেই এই সিদ্ধান্ত নেয়। শুধু পুরুষ ক্রিকেটাররাই নন, নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি। সেই ধারাবাহিকতায় প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করা হয়, যা দীর্ঘদিন ধরে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল।

গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভাতেই এ সিদ্ধান্ত অনুমোদন করে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি। শুধু পুরুষ ক্রিকেটারদের নয়, নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

সম্প্রতি বিসিবির ‘চার-ছক্কা’ পডকাস্টে এ প্রসঙ্গে কথা বলেন অ্যাডহক কমিটির সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তার ভাষ্যমতে, ‘যদি এটা করতে চান (প্লেয়ারদের বেতন বাড়াতে চান) তাহলে একটা বোর্ড মিটিংয়েই সম্ভব। আমরা আমাদের (বিসিবির অ্যাড-হক কমিটির) দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, নারী এবং পুরুষ উভয়েরই। আমার মনে হয়, এটা অনেক দিন ধরেই প্লেয়ারদের পাওনা ছিল। আগেই করা যেত, আমরা এসেই করেছি।’

ইসরাফিল খসরু আরও বলেন, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা এটা ডিজার্ভ করে। তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছেন না। এটা তাদের পাওনা, তারা এটা ডিজার্ভ করে। আপনি তো প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নিতে পারবেন না।’