কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের কারণে বাড়তি ব্যয়ের চাপ মোকাবিলায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা ও মাইক্রোসফট। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার কর্মী এ ছাঁটাইয়ের শিকার হবেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে, যা প্রায় ৮ হাজার কর্মী। পাশাপাশি প্রায় ৬ হাজার খালি পদও বাতিল করা হবে। একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়েছে, আগামী ২০ মে থেকে এই ছাঁটাই কার্যক্রম শুরু হবে।
মেটা বর্তমানে এআই অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে, যার মধ্যে রয়েছে ব্যয়বহুল ডেটা সেন্টার নির্মাণ এবং শীর্ষ পর্যায়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ। গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এই বিনিয়োগ বাড়ানো হয়েছে।
কোম্পানিটি জানুয়ারিতে জানিয়েছিল, ২০২৬ সালে তাদের মূলধনী ব্যয় ১১৫ থেকে ১৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার বড় অংশই এআই অবকাঠামো ও পরিচালন ব্যয়ের পেছনে যাবে।
অন্যদিকে মাইক্রোসফট তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের মধ্যে প্রায় ৭ শতাংশকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিচ্ছে। এতে প্রায় ৮ হাজারের বেশি কর্মী এই সুযোগ পাবেন, যাদের বয়স ও চাকরির মেয়াদ মিলিয়ে ৭০ বা তার বেশি।
এর আগে ২০২৫ সালে মাইক্রোসফট ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল। একই সঙ্গে তারা এআই উন্নয়নে গতি বাড়াতে ১৪০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন এআই প্রযুক্তির উন্নয়ন অতিরিক্ত দ্রুত হচ্ছে এবং ৭৯ শতাংশ উদ্বিগ্ন যে, চাকরি হারানো থেকে কর্মীদের সুরক্ষায় সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।