পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অস্থিরতা যেন কাটছেই না। এবার নির্বাচন প্রক্রিয়ায় ‘দুর্নীতি’ ও ‘নোংরা রাজনীতির’ অভিযোগ তুলে মাত্র ২৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন উদীয়মান অলরাউন্ডার শাহজাইব ভাট্টি। টানা ৪০টি ম্যাচে স্কোয়াডে থেকেও মাঠে নামার সুযোগ না পেয়ে হতাশায় এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শিয়ালকোটে জন্ম নেওয়া এই বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম 'X'-এ (সাবেক টুইটার) নিজের অবসরের ঘোষণা দিয়ে লেখেন, "বিদায় পাকিস্তান ক্রিকেট। মাত্র ২৪ বছর বয়সে আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। গত বছর সরাসরি সম্প্রচারিত কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে দলকে জিতিয়েছিলাম। কিন্তু এরপর থেকে টানা প্রায় ৪০টি ম্যাচে আমাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "আমার একমাত্র স্বপ্ন ছিল পাকিস্তানের প্রতিনিধিত্ব করা। কিন্তু রাজনীতি, দুর্নীতি এবং সঠিক কাঠামোর অভাব আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। এখন বুঝতে পারছি কেন সবাই পাকিস্তান ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে।"
শাহজাইব ভাট্টি ২০২৪-২৫ মৌসুমের কায়েদ-এ-আজম ট্রফিতে শিয়ালকোট অঞ্চলের হয়ে পেশোয়ারের বিপক্ষে ফাইনালে অপরাজিত ৩২ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার একটি ৫ উইকেট শিকারের রেকর্ডও রয়েছে (লাহোর হোয়াইটসের বিপক্ষে ২৩৬ রানে ৫ উইকেট)। এছাড়া লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটেও তার অভিষেক হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের ব্যর্থতার পর থেকেই দেশটির ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলছেন শোয়েব আখতার, মোহাম্মদ আমির ও হাফিজের মতো সাবেক তারকারা। সুপার এইট থেকে বিদায়ের পর বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দলে বড় পরিবর্তন আনা হলেও, নির্বাচকদের বিরুদ্ধে পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই খেলোয়াড় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। ভাট্টির এই আকস্মিক অবসর সেই বিতর্ককে আরও উসকে দিল।