আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে বৈশ্বিক এই মহারণের আগে দুঃসংবাদ পেয়েছে স্বাগতিক ভারত। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়া এই আসরের ঠিক আগমুহূর্তে চোটে পড়েছেন ভারতের তরুণ পেসার হার্ষিত রানা।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন হার্ষিত। ম্যাচে মাত্র এক ওভার বল করে ১৬ রান দেওয়ার পরই অস্বস্তি অনুভব করেন তিনি। পরে আর মাঠে ফেরেননি তিনি। বাকি সময় বেঞ্চেই থাকতে দেখা যায় এই ডানহাতি পেসারকে।
যদিও নিজের একমাত্র ওভারেই তাকে সমস্যায় পড়তে দেখা যায়। দু’বার রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান তিনি। কিছুক্ষণ পর হাঁটুতে হাত চেপে ধরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় হার্ষিতকে।
এ বিষয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে হার্ষিতের চোটের মাত্রা ও বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এরই মধ্যে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়েও দুশ্চিন্তায় স্বাগতিকরা। যদিও তার ফিটনেস আগে থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। নতুন করে হার্ষিতের চোট স্বাগতিকদের উদ্বেগ আরও বাড়াল। তবে স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।