Image description

সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) ট্রফি জয়ের ম্যাচে হারাতে হবে শক্তিশালী ভারতকে। বাংলাদেশ কোচ পিটার বাটলারও চাইছেন আবারও ভারতকে হারাতে।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার (৪ ফেব্রুয়ারি) আলপি আক্তারের হ্যাটট্রিকে নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগে সেরা হয়েছে বাংলাদেশ দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। এই দুই দল আগামী শনিবার নামবে শিরোপা লড়াইয়ে।

বাংলাদেশ কোচ নেপালকে হারিয়ে ম্যাচশেষে বলেছেন, ‘নেপালের বিপক্ষে যখনই খেলি, আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ করে শুরুর ১৫-২০ মিনিট। এরপর আমাদের গতি কিছুটা কমেছিল।’

ম্যাচে সাতটি পরিবর্তন নিয়ে ইংলিশ কোচের কথা, ‘সাতটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। কেননা, আমার মনে হয়, আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধরণ, সুরভি রানী আসলেই ভালো করেছে। আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শিক্ষণীয় বিষয় আছে আমাদের।’

রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারিয়েছিলেন অর্পিতা-আলপিরা। সেই জয়ের পুনরাবৃত্তির লক্ষ্য বাটলারের, ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলবো। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আশা করি, তারা সেটা দেবে।’

আলপি-অর্পিতাদের প্রশংসা করে বাটলার বলেছেন, ‘কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই অন্য সবকিছুই বোনাস। মেয়েরা দুর্দান্ত ভালো করেছে। আমি সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট এবং আশা করি, আমরা কাজটি শেষ করতে পারবো। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ হবে।’