ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্লাহকে দায়িত্ব নেওয়ার প্রায় ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে তাৎক্ষণিক বদলি করা হয় বলে জানিয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন। গতকাল রাত ১০টার দিকে তিনি বলেন, ‘রবিবার সকালে মোহাম্মদ নিয়ামত উল্লাহকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থে বলা হয়েছে। প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। গতকাল সন্ধ্যায় এসিল্যান্ড কর্ম এলাকা ত্যাগ করেছেন।’
কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও। তার ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।
নিয়ামত উল্লাহ ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
নিয়ামত উল্লাহর রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান, তিনি নিয়ামত উল্লাহর সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, চাকরিজীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছেন এবং ওই সময় তার কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এ ছাড়া টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্লাহর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তার ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও নানা দাবি করা হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘এসিল্যান্ডকে নিয়ে ফেসবুকে কিছু তথ্য প্রকাশ হয়েছে, সে কারণে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে পারবো না।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্লাহ ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন।