Image description

ক্রিকেটে এবারও ম্যাচের আগে কিংবা পরে হাত মেলাননি ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা। রোববার (২২ নভেম্বর) দোহায় পাকিস্তানের কাছে হেরে সাজঘরে ফেরার সময় ভারত ‘এ’ রাইজিং স্টার্স দলের খেলোয়াড়দের মধ্যে ছিল শীতল আবহ ও ভাবলেশহীন শরীরী ভাষা।

গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকেই এমনটা চলে আসছে। অন্য খেলার দলগুলোতে সব সময় এমন না দেখা গেলেও প্রায় প্রতিটি ভারতীয় ক্রিকেট দলই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলছেন। তাই পাকিস্তানি প্রতিপক্ষের প্রতি তিলক বর্মার দলও যে শীতল মনোভাব দেখাবে, তা ছিল অনুমেয়ই।

কিন্তু এটা কি ভুল? এটি কি অবৈধ? নাকি খেলার চেতনার পরিপন্থি? নাকি বিষয়টিকে বেশি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে? ক্রিকেটের আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, খেলোয়াড়দের হাত মেলাতে দেখলে তারা খুশিই হয়, তবে ভিন্ন পরিস্থিতিতে- তারা এই চর্চার ওপর জোরাজুরি করতে পারে না।

এমসিসির আইন ব্যবস্থাপক ও ক্রিকেটের প্রধান ফ্রেজার স্টুয়ার্ট বলেন, হাত মেলানো নিয়ে ওপর থেকে কোনো নির্দেশনা এলে তা নিয়ন্ত্রণ করা এমসিসির পক্ষে সম্ভব নয়। আমরা এটি দেখতে চাই, কিন্তু আমরা বুঝি এখানে আরও বড়ো বিষয় জড়িত এবং এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আইএলটি২০-র পঞ্চম আসর উপলক্ষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন স্টুয়ার্ট।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এমন কিছু ঘটনা ঘটে যা ক্রিকেটকে ছাড়িয়ে যায় এবং এমন পর্যায় থেকে আসে, যে বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের বাইরে—যেমন ভূরাজনৈতিক পরিস্থিতি। মাঠে যা ঘটে, আমরা কেবল সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। খেলোয়াড়রা একে অপরকে সম্মান করে, আম্পায়ার ও আম্পায়ারের কর্তৃত্বকে সম্মান করে এবং খেলাকে সম্মান করে। এটুকুই আমাদের নিয়ন্ত্রণে।

বর্তমানে ক্রিকেট বিশ্বে আলোচনায় থাকা ‘স্যান্ডপেপারগেট’ (বল টেম্পারিং) নিয়েও কথা বলেছেন এমসিসির এই কর্মকর্তা। তার ভাষায়, এ বিষয়ে আমার অবস্থান হলো ক্রিকেটের আইনের দৃষ্টিতে বলে শিরিষ কাগজ ব্যবহার করা স্পষ্টতই আইনের লঙ্ঘন। এ নিয়ে কারও সন্দেহ আছে বলে আমি মনে করি না। তবে কী ঘটেছে, কে জানত, আর আট বছর পর নতুন করে অভিযোগ তোলা হবে। এসব নিয়ে মন্তব্য করা আসলে এমসিসির কাজ নয়।

স্টুয়ার্ট যোগ করেন, স্পষ্টতই আমরা চাই ক্রিকেট খবরের কাগজের সামনের পাতার বদলে পেছনের পাতায় থাকুক। কে সঠিক আর কে ভুল, তা বলা আমার কাজ নয়। কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে বলে শিরিষ কাগজ ব্যবহার করা স্পষ্টতই বেআইনি এবং সেটির জন্য যে শাস্তি দেওয়া হয়েছিল, তা সঠিক ছিল।

২০১৮ সালে পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টে শিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে জানাজানি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে চলমান দাবি-পাল্টা দাবির বিষয়ে এমসিসি কর্মকর্তা বলেন, উভয় পক্ষেই বেশ দৃঢ় অবস্থান রয়েছে। প্রকৃত সত্য কী, তা আমি জানি না। তদন্ত করার দায়িত্ব ক্রিকেট অস্ট্রেলিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর।

সবশেষে তিনি বলেন, আগামী গ্রীষ্মে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আসছে। আশা করি, ততদিনে মানুষ ক্রিকেটকেই কথা বলতে দেবে।

কালবেলা