Image description
 

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এখনো উত্তরসূরির অপেক্ষায়। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এই জার্সির পরবর্তী দাবিদার কে হবেন, তা পরে ঠিক করা হবে। তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নিকো পাজের নাম আলোচনায় আসতেই এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। তার চোখেও ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি এই তরুণ মিডফিল্ডার।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচে দেখা হয়েছিল সেলিয়া ও পাজের। ম্যাচে দারুণ গোল করে নিজের আদর্শ মেসিকে জড়িয়ে ধরেছিলেন পাজ। এরপর ড্রেসিংরুম থেকে বেরিয়ে মেসির মাকে কাঁদতে দেখেন তিনি। এগিয়ে গিয়ে অভিবাদন জানালে সেলিয়া তার হাত ধরে বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ ঘটনাটি জানিয়েছেন পাজের চাচা ফাবিয়ান পাজ।

বিজ্ঞাপন

রেডিও লা রেডকে ফাবিয়ান বলেন, ‘নিকো খুবই শান্ত এবং মাটির মানুষ। মেসির উত্তরসূরি হওয়ার কথা সে ভাবেও না। ওর কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল মেসির সঙ্গে দেখা হওয়া এবং তার সঙ্গে খেলতে পারা। সেটাই ওর কাছে আকাশ ছোঁয়ার মতো আনন্দের ছিল।’ তিনি আরো জানান, ঘটনাটি পাজকে বেশ আবেগাপ্লুত করেছিল।

২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে পাঁচ গোল করেছেন পাজ। কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচে ৭-০ গোলের জয়ে করেছেন জোড়া গোলও। তবে ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না ২২ বছর বয়সি এই ফুটবলার। তার ভাষায়, ‘এই (আর্জেন্টিনা) জার্সির প্রতিনিধিত্ব করতে পারাটাই সর্বোচ্চ ব্যাপার। আমি ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছি না। মাঠে আনন্দ পাচ্ছি আর এই দলটিও দারুণ।’