ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মূলত দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে নেওয়া সেই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আইপিএলে খেলার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার।
আসন্ন আইপিএল আসরের মিনি নিলামের জন্য ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজ। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নিলাম। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের একটি তালিকা চেয়েছিল বিসিসিআই।
মুস্তাফিজের পাশাপাশি আইপিএলের নিলামে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও নাম জমা দিয়েছেন। তাদের মধ্যে পেসার হাসান মাহমুদ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও গতিতারকা নাহিদ রানাও রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারও নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা গেছে, আসন্ন নিলামে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। যদিও গত আইপিএল আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের নাম ছিল, শেষ পর্যন্ত কেবল মুস্তাফিজই দল পেয়েছিলেন।