দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে সোহান লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি কোনো ক্ষমতা হতে পারে না।
দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে উল্লেখ করে সোহান বলেন, বিশেষ করে তার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন তিনি।
সোহান আরও লিখেছেন, ‘আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আশ্বাস নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
সোহানের এই উদ্বেগের পেছনে রয়েছে খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। গত কয়েক মাস ধরে বন্দরনগরীটিতে হত্যাকাণ্ড, গোলাগুলি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনা সামনে এসেছে। গত ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা মহানগর এলাকায় ৩৭টি এবং জেলায় ৩৮টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।
এমন পরিস্থিতিতে সোহানের বক্তব্যে উঠে এসেছে সাধারণ মানুষের নিরাপদে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। নিজের পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ।’