রেকর্ডটি থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন তিনি। অকল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অনন্য সেই কীর্তি ছুঁলেন বিরাট কোহলি। ৫০ ওভারের ফরম্যাটে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে নেমে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। তার রেকর্ডের রাতে বৃষ্টি আইনে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। টিম সেইফার্ত ওপেনিংয়ে নেমে করেছেন দলীয় সর্বোচ্চ ৩৮ রান। শেষ ব্যাটার হিসেবে নামা টিকনারের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪। ভারতের হয়ে সেরা বোলার আর্শদিপ সিং। ৭০ রানে নিয়েছেন ৪ উইকেট। গুরনুর ব্রার নিয়েছেন ৪৪ রানে ৩ উইকেট।
বৃষ্টির কারণে ভারতের লক্ষ্যটা দাঁড়িয়েছিল ৩২ ওভারে ১৪৩ রান। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত।
ভারতের সহজ জয়ের নায়ক কোহলি। ১৩ চার ও এক ছক্কায় ৫১ বলে ৭৪ রানের ইনিংসটি ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।
এই ইনিংস খেলার পথে ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেন কোহলি।
তিন নম্বরে ব্যাট করে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সংগ্রহ ১২৬৬২ রান। এই তালিকায় কোহলি ছাড়া আর কোনও ব্যাটার ১০ হাজার রানের গণ্ডি পেরোতে পারেননি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহ ৯৭৪৭ রান। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের রান ৭৭৭৪ রান এবং পঞ্চম স্থানে কিউই তারকা কেইন উইলিয়ামসনের রান ৬৫০৪।