Image description

সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত ২৮ দলের তালিকায় ছিলেন না তারা। ক্যাম্প শুরুর দু’দিন পর ডাক পরে তাদের। তিন দিন দেখে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ ওমরকে মূল দলে নিয়েছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে রোনান সুলিভান আসছেন না। সুবাদে দু’জনের একজনের সুযোগ পাওয়া নিশ্চিত ছিল। অন্যজনকে জায়গা দিতে শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছে লেফটব্যাক ইসা ফয়সালকে। বাফুফের নির্ভরযোগ্য নিশ্চিত করেছে বিষয়টি।

সাফ শুরুর বাকি মাত্র তিনদিন। ডুলি এখনও যে দল নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন, তা শেষ মুহূর্তের এই পরিবর্তনেই বোঝা যায়। পুলিশের রক্ষণভাগের অন্যতম আস্থা ইসা ফয়সালকে প্রথমে তিনি ২৮জনের তালিকায় নিলেন। সে সময় তাজউদ্দিনকে বাদ দেওয়াটা বিস্ময়ের ছিল। ক্যাম্পের শুরুর দিন স্ট্রাইকিং পজিশনে ফর্মে থাকা সৌরভ দেওয়ানকে না নেওয়ার কারণ জানতে চাইলে রেগে গিয়ে বলেছিলেন, যারা আছেন, তাদের নিয়েই সাফের পরিকল্পনা সাজাবেন।

অথচ নিজের কথাতেই থাকতে পারেননি থমাস ডুলি। ইসাকে বাদ দিয়ে নিয়েছেন তাজ ও আব্দুল্লাহ ওমরকে। রোনানকে কোচ চেয়েছিলেন আক্রমণের ধার বাড়াতে। চোট তাকে আসতে দেয়নি। অথচ কোচ তার জায়গায় নিয়েছেন একজন রক্ষণভাগের ফুটবলারকে।

বৃহস্পতিবার ঢাকা স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজ নিজ ক্লাব থেকে ছুটি না পাওয়ায় সেই ম্যাচে খেলবেন না হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ডুলির ক্যাম্পে ইতালি থেকে এসে এখনো যোগ দেননি ফাহামিদুল ইসলাম। জানা গেছে, আজ-কালের মধ্যেই তিনি আসবেন। অর্থাৎ ২৬জনের মধ্য থেকে ভুটান ম্যাচের জন্য দল গড়তে হবে কোচকে।

সাফে বাংলাদেশ দল:

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, সুজন হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, জিদান ইউসুফ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর,রহমত মিয়া, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, শমিত সোম, ফাহামিদুল ইসলাম।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, মাহি খান, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, ফারহান আলী ওয়াহিদ।