প্রধানমন্ত্রী জাপানে গিয়ে ভারতকে অবৈধ করিডর দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি, জাপানে গিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আবারও করিডর তৈরি করার চেষ্টা করছে, অবৈধ করিডর ভারতের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জনাব তারেক রহমান।’
তিনি আরও বলেন, এ ধরনের কোনো অবৈধ করিডর বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্তে নাগরিকদের হত্যা করা হচ্ছে, পার্বত্য অঞ্চলে অশান্তি তৈরি করা হচ্ছে এবং প্রতিবেশী দেশে মুসলমানদের ওপর নিপীড়ন চলছে।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের যে চক্রান্ত, সেই চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না বর্তমান সরকার।
গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ডিসেম্বরে চুক্তিটি ন্যায্যতার ভিত্তিতে নবায়ন করা না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে।
গঙ্গার পানির ন্যায্য হিস্যার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সমাবেশে বর্তমান সরকারকে ‘নব্য স্বৈরাচার’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি।’
দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট ও দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে দেশে এসেছেন বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, অতীতে আওয়ামী লীগকে মোকাবিলা করতে ব্যর্থ হওয়া বিএনপি ভবিষ্যতেও তাদের মোকাবিলা করতে পারবে না।