Image description

ব্রাজিলের ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কে জড়িয়েছেন নেইমার জুনিয়র। ‘নিয়ম’ ভঙ্গের অভিযোগে দেশটির স্পোর্টস ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।

গত সপ্তাহে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে মুখে হাত দিয়ে কথা বলার পর লাল কার্ড দেখেন নেইমার। এরপর তার বিরুদ্ধে মৌখিকভাবে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তোলে বাহিয়া। বিষয়টি নিয়ে তীব্র বিতর্কেরও সৃষ্টি হয়।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটির জেরে নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিকে ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেস্তর। তার দাবি, ব্রাজিলিয়ান তারকার মন্তব্য শুধু তাকেই নয়, ক্লাবকেও অসম্মান করেছে।

নেস্তর বলেন, ‘সে আমাকে যা বলেছে, তা অত্যন্ত অসম্মানজনক—আমার প্রতি এবং বাহিয়ার জার্সির প্রতিও।’

অন্যদিকে মৌখিকভাবে অপমান করার এই অভিযোগের পর শৃঙ্খলাভঙ্গের তদন্তের কেন্দ্রে চলে এসেছেন নেইমার। এতে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার শাস্তির বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

তবে বাহিয়া ও নেস্তরের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন নেইমার। প্রতিপক্ষের মিডফিল্ডারকে উদ্দেশ করে সরাসরি কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন তিনি। যদিও উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলার বিষয়টিকে ভুল হিসেবে স্বীকার করেছেন সান্তোস তারকা।

নেইমারের পাল্টা অভিযোগ, মাঠে বিবাদের সূত্রপাত করেছিলেন নেস্তরই। প্রতিপক্ষের এই খেলোয়াড়ের বিরুদ্ধে ফুটবলের ‘সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি’ ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।

আগামী বুধবার ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নেওয়ার কথা নেইমারের। সেখানেই তার শাস্তির পরিমাণ নির্ধারিত হতে পারে। সর্বোচ্চ ৬ ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি পুরোটা সময়ই মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

মৌসুমের শেষ পর্যায়ে নেইমারকে হারানো সান্তোসের জন্যও বড় ধাক্কা হবে। লিগে আর মাত্র ৬টি ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকার অষ্টমস্থানে রয়েছে দলটি। গত মৌসুমে অবনমন এড়াতে কঠিন লড়াই করতে হলেও এবার তুলনামূলক স্বস্তিতে আছে তারা। অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে সান্তোস।

তবে মৌসুমের শেষ ভাগে ভালো অবস্থান ধরে রাখতে নেইমারের উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বুধবারের শুনানিতে তাঁর বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন তাকিয়ে সান্তোস সমর্থকেরা।