জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার চেষ্টা জনগণ মেনে নেবে না।’
আজ মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে
এসব কথা বলেছেন তিনি।
আখতার হোসেন বলছিলেন, ‘প্রধানমন্ত্রী বর্তমানে জাপান সফরে রয়েছেন। এ সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে এসব চুক্তির আড়ালে বাংলাদেশের স্বার্থের বিপরীতে গিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে গুঞ্জন রয়েছে।’
তার ভাষ্য, ‘বিষয়টি বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশের আগেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। মাতারবাড়ী বন্দরকে দক্ষিণ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ও রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।’
এনসিপির সদস্যসচিব বলেন, ‘সরাসরি দিল্লিতে গিয়ে সুবিধা দিতে না পারলেও জাপানের মাধ্যমে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তা বুঝতে পারবে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা গ্রহণযোগ্য হবে না।’
তিনি আরও বলেন, ‘অতীতে আওয়ামী লীগ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় থেকে দেশের মানুষের ওপর স্বৈরাচারী ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে যেন একই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’