Image description

ব্যালন ডি’অর অনুষ্ঠানে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সোমবার লন্ডনে বসবে ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আসর। আয়োজকেরা আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকার উপস্থিতি আশা করলেও শেষ পর্যন্ত তিনি যাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচের পরই লন্ডন সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি। আগামীকাল রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে স্পেনের ওভিয়েদো শহরের ক্যাম্পোয়ামর থিয়েটারে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। খেলাধুলায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে তাকে।

অনুষ্ঠান শেষ করেই যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন মেসি। রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ খেলবে তার দল। এরপরই লন্ডনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই তারকা।

সোমবার লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। তবে স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফেরা এবং সেখান থেকে আবার লন্ডনে যাওয়ার ব্যস্ত সূচি মেসির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।