যুক্তরাষ্ট্র থেকে রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি। পরিবারের সঙ্গে শুক্রবার সকালে নিজের শহরে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার গন্তব্য জাতীয় দলের ক্যাম্প। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি নেবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের জন্য।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ অধ্যায়ের মঞ্চ প্রস্তুত বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলায় ইতি টানবেন ১০ নম্বর জার্সির মহাতারকা।
শনিবার মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে সেই ম্যাচের চেয়ে দলের মনোযোগ বেশি পরের ম্যাচ ঘিরে। কারণ বেনিনের বিপক্ষেই শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে দেখা যাবে মেসিকে।
জাতীয় দলের এবারের স্কোয়াডে শুরু থেকেই ছিলেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আগেই আলোচনা করে তার ম্যাচের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, শুধু বেনিনের বিপক্ষে ম্যাচেই খেলবেন মেসি।
সেই কারণেই এখনো জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে দেখা যায়নি তাকে। তবে খুব শিগগিরই সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নিজের নামে থাকা অনুশীলন কেন্দ্রেই দলের সঙ্গে প্রস্তুতি সারবেন মেসি।
মেজর লিগ সকারে এই সপ্তাহে ম্যাচ না থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সময় পেয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে রাতের ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। পরিবারের সদস্যরাও থাকবেন মেসির বিদায়ী ম্যাচে।