Image description

এশিয়ান গেমসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পুরুষ হকির ম্যাচ শুরু হওয়ার আগে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে দুই দলকে। খেলা শুরুর আগে দক্ষিণ কোরিয়ার বদলে ভুলবশত বেজে উঠে চির প্রতিদ্বন্দ্বী চরম শত্রু ভাবাপন্ন দেশ উত্তর কোরিয়ার জাতীয় সংগীত। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের গিফু শহরের গ্রিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর পূর্বে যখন দুই দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান, তখন দক্ষিণ কোরিয়ার সংগীতের জায়গায় উত্তর কোরিয়ার সুর ভেসে উঠতেই বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন কোরিয়ান খেলোয়াড়রা।

অবশ্য এই অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই মাইকে ক্ষমা চান স্টেডিয়ামের দায়িত্বে থাকা ঘোষণাকারী। তিনি বলেন, আমরা সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সংগীতের জায়গায় ভুল করে অন্য একটি গান বাজিয়ে ফেলা হয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ব্যাঘাত সত্ত্বেও মাঠের লড়াইয়ে কোনো প্রভাব পড়তে দেয়নি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

 
 

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তির মাধ্যমে শেষ না হয়ে স্রেফ যুদ্ধবিরতিতে রূপ নেওয়ায় আজও কারিগরিভাবে একে অপরের বিপক্ষে যুদ্ধে রয়েছে দুই কোরিয়া। আর এ কারণেই উত্তর কোরিয়ার জাতীয় সংগীত ও জাতীয় প্রতীক দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

 

এই জাতীয় সংগীত বিভ্রান্তির বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে এবারের গেমসে আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। বাসস্থানের ছোট ঘর নিয়ে বাস্কেটবল খেলোয়াড়দের অসন্তোষ এবং যাতায়াত সমস্যার কারণে বর্তমান চ্যাম্পিয়ন পুরুষ ফুটবল দলের প্রস্তুতি বিঘ্নিত হওয়ার ঘটনাও এর মধ্যে অন্তর্ভুক্ত।

সূত্র: আলজাজিরা