ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের মন্তব্যে ক্ষুব্ধ উসমান দেম্বেলে। রিয়াল মাদ্রিদের তারকার কথায় শুধু দেম্বেলেই নন, পিএসজির ড্রেসিংরুমের অনেকেই অসন্তুষ্ট বলে দাবি করেছেন সাবেক ফরাসি ফুটবলার জেরোম রোথেন।
ফ্রান্স ফুটবল ও লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে এগিয়ে রেখেছেন এমবাপ্পে। নিজেকে নির্বাচিত ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে দেম্বেলেকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেও তার ক্যারিয়ারের পথকে ভিন্ন বলেছেন এমবাপ্পে,‘শুরু থেকেই আমি একেবারে শীর্ষে ছিলাম। দেম্বেলের পথটা আলাদা ছিল, চোট ছিল। তবে সে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।’
আরএমসি স্পোর্টকে রোথেন বলেন, ‘এমবাপ্পের ওপর দেম্বেলে ভীষণ ক্ষুব্ধ। তার কাছে এটা একধরনের প্রতারণা। শব্দটা শক্ত, কিন্তু সে বিষয়টিকে এভাবেই দেখছে। শুধু সে নয় দেম্বেলের আশপাশের সবাই এবং পিএসজির ড্রেসিংরুমের লোকজনও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডের ওপর ক্ষুব্ধ।’
ফ্রান্স জাতীয় দলের সতীর্থদের মধ্যেও এমবাপ্পের মন্তব্য নিয়ে অসন্তোষ রয়েছে বলে দাবি রোথেনের, ‘এমবাপ্পের আচরণ ও মন্তব্য নিয়ে অনেক খেলোয়াড়ের সমস্যা ছিল। এটাই সত্যি। ফ্রান্স দলে সে অনেককেই দূরে সরিয়ে দিয়েছে।’
এতদিন ব্যালন ডি’অর নিয়ে বেশ নীরব ছিলেন দেম্বেলে। তবে পিএসজির ১-০ গোলের জয়ের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। তার বক্তব্যে এমবাপ্পেকে পরোক্ষ জবাব দেওয়ার ইঙ্গিত দেখছেন অনেকে।
দেম্বেলে বলেন, ‘আমি সব সময় এমনই ছিলাম। ক্লাসের পেছনে বসতাম, কঠোর পরিশ্রম করতাম।’
পুরস্কার নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে এ বিষয়ে আমি একটি কথাও বলিনি। আমি কখনো নির্বাচিত ব্যক্তি ছিলাম না। অবিশ্বাস্য পরিশ্রম করেছি। গত বছর পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর পুরস্কৃত হয়েছি। এবার কী হয়, দেখা যাবে। আমি খুব স্বস্তিতে আছি, কোনো চাপ নেই।’