দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। ফ্রান্স ফুটবল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অরের ৩০ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। যেখানে আছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা।
২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছিলেন মেসি। সেবার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক হিসেবে অষ্টমবারের মতো পুরস্কারটি জিতেছিলেন তিনি। পরের দুই আসরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার। এবার বিশ্বকাপের পর আবারও মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে ফিরলেন ইন্টার মায়ামির তারকা।
মেসির সঙ্গে ২০২৬ সালের তালিকায় আছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, সাবেক বিজয়ী রদ্রি এবং বিশ্ব ফুটবলের আরও বেশ কয়েকজন তারকা। ব্রাজিলের প্রধান প্রতিনিধি ভিনিসিয়ুস জুনিয়র। দেশটির হয়ে মনোনয়ন পেয়েছেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও পিএসজির মারকিনিওসও।
বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে মেসির পাশাপাশি আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামালরা।
তবে এবারের তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার রাফিনিয়ার। মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান তারকার বাদ পড়া বড় চমক হিসেবে দেখা হচ্ছে। তার সঙ্গে ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও ৩০ জনের তালিকায় নেই।
ব্যালন ডি’অর ২০২৬: ৩০ জনের পূর্ণ তালিকা
১. জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
২. পাউ কুবর্সি (বার্সেলোনা ও স্পেন)
৩. মার্ক কুকুরেয়া (রিয়াল মাদ্রিদ ও স্পেন)
৪. উসমান দেম্বেলে (প্যারিস সেন্ট জার্মেই ও ফ্রান্স)
৫. লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়া)
৬. ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল)
৭. গ্যাব্রিয়েল (আর্সেনাল ও ব্রাজিল)
৮. আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)
৯. আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট জার্মেই ও মরক্কো)
১০. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
১১. খভিচা কাভারাসখেলিয়া (পিএসজি ও জর্জিয়া)
১২. লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
১৩. সাদিও মানে (আল নাসর ও সেনেগাল)
১৪. মারকিনিওস (পিএসজি ও ব্রাজিল)
১৫. লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান ও আর্জেন্টিনা)
১৬. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
১৭. নুনো মেন্দেস (পিএসজি ও পর্তুগাল)
১৮. লিওনেল মেসি (ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা)
১৯. জোয়াও নেভেস (পিএসজি ও পর্তুগাল)
২০. মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
২১. উইলিয়ান পাচো (পিএসজি ও ইকুয়েডর)
২২. হুলিয়ান কুইনোনেস (আল কাদসিয়াহ ও মেক্সিকো)
২৩. ডেকলান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড)
২৪. রদ্রি (বার্সেলোনা ও স্পেন)
২৫. ফাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন)
২৬. উইলিয়াম সালিবা (আর্সেনাল ও ফ্রান্স)
২৭. ফেরান তোরেস (পিএসজি ও স্পেন)
২৮. দয়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
২৯. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
৩০. ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল)
এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী হবে ২৬ অক্টোবর, লন্ডনে। এটি হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। বিশেষ এই উপলক্ষে ঐতিহ্যবাহী প্যারিসের বদলে এবার ইংল্যান্ডের রাজধানীকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে।
আয়োজকদের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ইংলিশ ফুটবলের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানানোর পরিকল্পনা। ব্ল্যাকপুলের সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম আসরে পুরস্কারটি জিতেছিলেন। এবার সেই ইতিহাসের ৭০ বছর পূর্তিতে লন্ডনে বসবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসর।