পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা এবং কারাবাস নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক সফল পেসার ওয়াসিম আকরাম। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম জানিয়েছেন, রাজনীতির বাইরে একজন মানুষ ও বন্ধু হিসেবে তিনি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
ইমরান খানের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করে ওয়াসিম আকরাম বলেন, ‘ইমরান খান ছিলেন আমার মেন্টর, আমার বন্ধু। আমি তাকে খুব মিস করি। গত তিন বছর ধরে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। রাজনৈতিকভাবে তার সঙ্গে যা ঘটছে তা খুবই দুর্ভাগ্যজনক। আদালতের নিজস্ব নিয়ম আছে, কিন্তু তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কোনো আপস হতে পারে না।’
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি স্কাই স্পোর্টসে মাইক আথারটনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান তাদের বাবার স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। ওই সাক্ষাৎকার প্রচারের পর পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর বেশ হইচই পড়ে গিয়েছিল। পরে আমি দেখলাম যে, কারাগারে ইমরানের সঙ্গে কতগুলো ভিজিট হয়েছে এবং কতগুলো ফোন কল তিনি পেয়েছেন, তার একটি হিসাব প্রকাশ করেছে পাকিস্তানি সরকার। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে কোনটা বিশ্বাস করা উচিত আর কোনটা উচিত না, সেটা বোঝা খুবই কঠিন।’
‘সুলতান অব সুইং’ খ্যাত এই কিংবদন্তি পেসার আরও বলেন, ‘আমি রাজনীতি বা আইনি জটিলতার মাঝে যেতে চাই না। তবে আমি অবশ্যই আমার মনের কথা প্রকাশ্যে বলতে পারি, কেউ আমাকে বাধা দেবে না। আমি এখন আপনার (সাংবাদিক) সঙ্গে কথা বলছি, আমার মনে যা আছে তাই বলছি। আমি রাজনীতিতে জড়াতে চাই না, আমি কোনো রাজনীতিবিদ নই।’
ইমরান খানের সুস্বাস্থ্য নিশ্চিত করার দাবি জানিয়ে আকরাম বলেন, ‘ইংল্যান্ড বা অন্য কোথাও তাকে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে একটি আন্দোলন চলছে। কিন্তু পাকিস্তানে? আমি নিশ্চিত নই (সেটা সম্ভব কিনা)। তবে আমি মন থেকে বলছি, একজন মানুষ হিসেবে আমি তার জন্য খুবই উদ্বিগ্ন। তিনি দণ্ডিত হোন বা না হোন, জেলে থাকুন বা বাইরে থাকুন; তার স্বাস্থ্য সুরক্ষিত করতে হবে। আমরা জানি না আসলে কী ঘটছে। সরকার বলছে তার স্বাস্থ্য নাকি ভালো আছে। কিন্তু আমি চিন্তিত। আমি তাকে খুব মিস করছি।’