Image description

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ টমাস ডুলি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা স্কোয়াডে ডাক পাননি বিদেশে ঘরোয়া ফুটবল খেলা প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী। 

 

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, প্রাথমিক তালিকায় নাম না থাকলেও দেশের বাইরে অবস্থান করা এই ফুটবলাররা পরবর্তী সময়ে আসিয়ান কাপের মূল দলের সঙ্গে যোগ দেবেন।

 

ঘোষিত স্কোয়াডে অন্যতম আকর্ষণ হিসেবে ডাক পেয়েছেন মোহামেডানের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা সৌরভ দেওয়ান। তবে ফিফার ম্যাচ নিষেধাজ্ঞা এবং শৃঙ্খলাজনিত শাস্তির কারণে দলে জায়গা পাননি মিরাজুল ও আল আমিন।

 

বিকেএসপিতে আবাসন সংকটের কারণে বাফুফে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফলে ঢাকার একটি অভিজাত হোটেলে ফুটবলারদের রেখে আবাসিক ক্যাম্প ও অনুশীলনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে আগামী পরশু থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

 

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল:

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।