অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বড় উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে স্টিভেন স্মিথ আউট হওয়ায় ম্যাচ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে টাইগাররা।
দ্রুত দুই উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেছিলেন স্মিথ। বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে একপর্যায়ে দলের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি। এমনকি একবার আউটের সিদ্ধান্ত রিভিউ নিয়ে বেঁচেও যান এই অভিজ্ঞ ব্যাটার।
তবে ৩৮তম ওভারে এসে মিরাজের বলে আর রক্ষা হয়নি স্মিথের। মিরাজের লেন্থ বল অন ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শটটিতে যথেষ্ট জোর না থাকায় বল সোজা মিরাজের হাতেই জমা পড়ে। ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের স্পিনার।
স্মিথ আউট হওয়ার ঠিক আগে ফক্স স্পোর্টসের ম্যাচ প্রেডিক্টরে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছিল ৮৫ শতাংশ। সেই ওভারেই স্মিথের উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত হাতে নেয় বাংলাদেশ।
ধারাভাষ্যকার কেরি ও'কিফিও এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন স্মিথ। সেই বাধা দূর হওয়ায় এখন জয় অনেকটাই বাংলাদেশের হাতের নাগালে।
শীর্ষনিউজ