Image description

ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেস বিয়ের আগে নিজেদের সম্পত্তি আলাদা রাখার বিষয়ে চুক্তি করেছেন বলে জানা গেছে। বিয়ের ঠিক আগে করা এই চুক্তিতে দুজনের বিবাহপূর্ব সম্পদের মালিকানা পৃথক রাখার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

পর্তুগালের সংবাদপত্র জোর্নাল দে নোতিসিয়াসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট লিসবনের একটি নোটারি অফিসে চুক্তিতে সই করেন রোনালদো ও জর্জিনা। এর এক দিন পরই লিসবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছে। অনুষ্ঠানে তাদের সন্তান ও চারজন সাক্ষী উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

চুক্তি অনুযায়ী, বিয়ের আগে রোনালদো বা জর্জিনার নামে থাকা বাড়ি, সম্পত্তি ও অন্যান্য সম্পদের মালিকানা আগের মতোই পৃথক থাকবে। অর্থাৎ বিয়ের কারণে এসব সম্পদের মালিকানা যৌথ হবে না।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তাদের বিয়ের সনদের একটি কপিতেও দুজনের ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে রোনালদোর পূর্ণ নাম, বয়স, জন্মস্থান ও বাবা-মায়ের নাম উল্লেখ রয়েছে। ৪১ বছর বয়সী রোনালদোর জন্ম পর্তুগালের মাদেইরায়। আর ৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।

বিয়ের পরও নিজেদের পদবি অপরিবর্তিত রাখবেন তারা। অর্থাৎ জর্জিনা তার ‘রদ্রিগেস’ পদবিই ব্যবহার করবেন রোনালদোর পদবি গ্রহণ করবেন না।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রেজিস্ট্রার মারিয়া মানুয়েল ফেরেইরা দে কাম্পোস ফোলহাদেলা দে অলিভেইরা। এ জন্য পোর্তো থেকে ক্যাসকাইসে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। রোনালদোর বিপুল সম্পদ ও বিশ্বজোড়া জনপ্রিয়তার কারণে তাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থাকে। এবার বিয়ের চুক্তিতে সম্পত্তির মালিকানা আলাদা রাখার সিদ্ধান্তও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এই চুক্তি ভবিষ্যতে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো পরিবর্তন এলে সম্পত্তির মালিকানা কীভাবে নির্ধারিত হবে সে বিষয়েও একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।