Image description

বোলিংয়ে ইবাদত

নবম ওভারে বোলিংয়ে প্রথম পরিবর্তন। আক্রমণে ইবাদত হোসেন।

হেডকে দুবার পরাস্ত করেছেন দারুণ ডেলিভারিতে। পঞ্চম বলে এলবিডব্লুর আবেদনে রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

মেডেন ওভার নিয়ে ভালো শুরু ইবাদতের।

দুই দিকেই নিচ্ছেন হাসান

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৮ ওভারে ৩১/০

হাসানকেই বেশি উজ্জ্বল লাগছে। বল দুই দিকেই সুইং করাচ্ছেন ভালো লেংথ থেকে। বল ওঠায় খেলতে অসুবিধা হচ্ছে হেড ও ওয়েদারাল্ডের। অস্বস্তিতে রেখেছেন দুই ওপেনারকে।

ষষ্ঠ ওভারেও হাসানের বলে ‘বিট’ হন ওয়েদারাল্ড। একটু বেশি সাবধানি লাগছে তাঁকে। অষ্টম ওভারে হাসান রাউন্ড দ্য উইকেট এসেও স্বস্তি দেননি হেড-ওয়েদারাল্ডকে। তবে শেষ বলে বাজে হাফ ভলিতে চার হজম করেন ওয়েদারাল্ডের ব্যাটে।

ওয়েদারাল্ড ১৪ ও হেড ১০ রানে অপরাজিত।

উইকেটে ঘাসের সুবিধা...

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪ ওভারে ১৩/০

খেলা ‍শুরুর আগে ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড মারারা স্টেডিয়ামের উইকেট নিয়ে বলেছেন, ‘দেখে বেশ শক্ত মনে হচ্ছে। ঘাসও আছে।’

হাসানের করা তৃতীয় ওভারেও ঘাসের প্রভাবটা বোঝা গেল। বল একটু উঠছে এবং সুইংও আছে। তাঁর তৃতীয় বলে হেড মিসটাইমিং করে ক্যাচ তুললেও স্ট্রেটে নিরাপদ জায়গায় পড়েছে বল। পঞ্চম বলটি ছিল এই উইকেটে কোনো পেসারের স্বপ্নের ডেলিভারি। ভালো লেংথ থেকে ছোবল মেরে ভেতরে ঢুকে ‘বিট’ করেছে ওয়েদারাল্ডের ব্যাটকে।

বাংলাদেশ কি নাহিদ রানাকে মিস করছে? অবশ্যই। চোটের কারণে তাঁকে এই সিরিজে দেখা যাবে না।

অ্যাকশনে হাসান মাহমুদ
অ্যাকশনে হাসান মাহমুদশামসুল হক

এক প্রান্তে তাসকিন, অন্য প্রান্তে হাসান মাহমুদ

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২ ওভারে ১১/০

জানাই ছিল নতুন বলে এ দুই পেসারই শুরু করবেন।

তাসকিন প্রথম ওভারে দিলেন ৫ রান। ট্রাভিস হেডকে একবার পায়ের ওপর ‘বিট’ করেছেন। ধারাভাষ্যকার গিলক্রিস্ট ওভারটির প্রশংসা করলেন। সুষম বাউন্স পেয়েছেন এবং লাইন-লেংথ ভালো ছিল।

দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ চতুর্থ বলে পরাস্ত করেন ওয়েদারাল্ডকে। দারুণ লেংথ থেকে তোলা ডেলিভারি! ৬ রান দিয়েছেন হাসান।

ওয়েদারাল্ড ৪ ও হেড ৫ রানে অপরাজিত। দুজনেই একটি করে চার মেরেছেন।

অ্যাকশনে তাসকিন
অ্যাকশনে তাসকিনশামসুল হক

ছোট্ট আনুষ্ঠানিকতা

মাঠে দুই দল। জাতীয় সঙ্গীত চলছে। তার আগে সিরিজের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশ সমর্থকদের কাছে খুব পরিচিত নাম। বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে টেস্টে ডাবল সেঞ্চুরি আছে তাঁর। টেস্ট ইতিহাসে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেটারই ২০ বছর পূর্তি হলো এ বছর।

ধারাভাষ্যকার ভুল করে বাংলাদেশ দলের অধিনায়কের নাম বললেন, ‘মুমিনুল হক সৌরভ।’

মানুষ মাত্রই ভুল করে।

মাঠে খুদে ক্রিকেটপ্রেমীরা
মাঠে খুদে ক্রিকেটপ্রেমীরাশামসুল হক
আদিবাসীদের পরিবেশনা ছিল খেলা শুরুর আগে
আদিবাসীদের পরিবেশনা ছিল খেলা শুরুর আগেশামসুল হক
 

অস্ট্রেলিয়া একাদশ

ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ পেসার তিনজন। বিশেষজ্ঞ স্পিনার একজন এবং একজন পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

তিন পেসার ও দুজন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

টস

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেন, ‘এখানে থাকতে পেরে ভীষণ গর্বিত। খেলার জন্য মুখিয়ে আছি।’ কামিন্সের কণ্ঠেও একই সুর, ‘এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম।’

স্বাভাবিক। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘ ব্যস্ততার এক মৌসুম।

টসের সময় মাঠে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট
টসের সময় মাঠে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টশামসুল হক
টসের পর হাত মেলান দুই দলের অধিনায়ক
টসের পর হাত মেলান দুই দলের অধিনায়কশামসুল হক

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন বাংলাদেশ

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া–বাংলাদেশ টেস্ট হয়েছে আরও চারটি। ওই চারটি ম্যাচই হয়েছে বাংলাদেশের মাটিতে।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কেমন, তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

টেস্টে বাংলাদেশ–অস্ট্রেলিয়া: ২০০৩–এর দুঃস্বপ্ন, ২০১৭–এর ইতিহাস

এবার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে নাজমুল হোসেনের দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এবারের সিরিজের ট্রফিসহ দুই দলের অধিনায়ক
এবারের সিরিজের ট্রফিসহ দুই দলের অধিনায়কশামসুল হক

স্বাগতম

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম টেস্ট বাংলাদেশ দলের। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার কি হবে?

টেস্টের পাঁচ দিনেই ভালো ক্রিকেট খেলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কণ্ঠেও ফুটেছে বাংলাদেশ দলের প্রতি সমীহ। এবার মাঠে প্রমাণের পালা।