Image description

এক দিনে দুটো সুসংবাদ পেলেন পেসার শরিফুল ইসলাম। ফিটনেস টেস্টে পাস করে অস্ট্রেলিয়ায় যাওয়ার অপেক্ষায় আছেন। এবার শুরু বিমানে ওঠার পালা। ওদিকে ইংলিশ কাউন্টিতে কেন্ট-এর হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজের পর ইংলিশ কাউন্টিতে খেলতে যাওয়ার কথা আছে বাঁহাতি এই পেসারের।  সেপ্টেম্বরে কেন্টের হয়ে চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার কথা রয়েছে তার। অপেক্ষায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের।

এনওসি পাওয়া গেলে ভিসার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল। ম্যাকেতে দ্বিতীয় টেস্টের একাদশেও থাকার জোড় সম্ভাবনা তার। ওই সিরিজের পর কাউন্টিতে খেলার সুযোগ তৈরি হয়েছে।  

শরিফুলের সঙ্গে একই সময়ে কেন্টের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদও। একই সময়ে তারও কেন্টের হয়ে চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে।

হাসান ও শরিফুল দুজনের জন্যই কাউন্টিতে খেলার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আগামী বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। এই সময়ের অভিজ্ঞতা দলের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারবেন দুই পেসার।