ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে সিরিজ নিয়ে নতুন সংশয় দেখা দিয়েছে।
ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। তা ছাড়া সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ভারতকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান জানান।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির শীর্ষ কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার পর সিরিজ আয়োজন নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি। মনে হয় না বিসিসিআই ইতিবাচক সাড়া দেবে। আগস্টের ২৮ তারিখে সব চূড়ান্ত হওয়ার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘বিসিবি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতির কারণে সব এখতিয়ারের বাইরে চলে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত, আমরা আশাবাদী।’
এর আগে ২৬ জুলাই ভারতীয় গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে জানানো হয়েছিল, বিসিবি এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সেপ্টেম্বরের সিরিজের সূচি তৈরিতে কাজ করছে। লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার ফাঁকে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনাও হয়েছে।
গত মে মাসে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছিলেন, পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি দ্বন্দ্ব ও দূরত্ব পেছনে ফেলে বিসিবির সঙ্গে পুনরায় সম্পর্ক জোরদারে আগ্রহী বিসিসিআই।