Image description

আবারও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। সামাজিক মাধ্যমে তাঁর বোলিং অ্যাকশনের অবয়ব প্রকাশ করে নতুন মৌসুমের দলে মুস্তাফিজের ফেরার ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত রাতে দুবাই ক্যাপিটালস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে অভিনব একটি পোস্ট দেয়। সেখানে কোনো খেলোয়াড়ের নাম বা চেহারা প্রকাশ না করে শুধু বোলিং অ্যাকশনের একটি অবয়ব দেখানো হয়। পোস্টের ক্যাপশনে দুবাই ক্যাপিটালস লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

বোলিং অ্যাকশন দেখেই অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির অনুসারীদের অনেকেই বুঝে যান, ওই খেলোয়াড় আর কেউ নন, বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের সমর্থকেরাই বেশি মন্তব্য করেন। অনেকেই তাঁকে ‘কাটার মাস্টার’ বলে উল্লেখ করেন। কেউ কেউ বাংলাদেশের পতাকার ইমোজিও দিয়েছেন।

বাঁহাতের কাটার ও স্লোয়ারে ব্যাটারদের বিভ্রান্ত করে উইকেট নেওয়ার দক্ষতার কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে আলাদা পরিচিতি তৈরি করেছেন মোস্তাফিজ। এবার সেই দক্ষতা আবারও দুবাই ক্যাপিটালসের হয়ে দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।

গত বছর প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে খেলেছিলেন মোস্তাফিজ। সেবার দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ছয় দলের ওই টুর্নামেন্টে এলিমিনেটর থেকেই বিদায় নেয় দুবাই। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় ডেজার্ট ভাইপার্স।

এবার আইএল টি-টোয়েন্টির আসর বসবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে আবারও দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই তারকা পেসারকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার পাশাপাশি বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও এখন পরিচিত মুখ মোস্তাফিজ। এরই মধ্যে আইপিএল, সিপিএল, পিএসএল, এলপিএল ও আইএল টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এবার দ্বিতীয়বারের মতো আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বাংলাদেশের ‘কাটার মাস্টার’।