একটি বলও মাঠে গড়াল না। অথচ তাতেই শেষ হয়ে গেল আয়ারল্যান্ডের সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনাটুকু। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপে যেতে হবে আইরিশদের।
বুধবার ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর কোনো বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
আয়ারল্যান্ডের জন্য ম্যাচটি ছিল শুধু একটি দ্বিপক্ষীয় সিরিজের শুরু নয়, সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার শেষ সমীকরণেরও প্রথম ধাপ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা দলটির সামনে পথটি অবশ্য সহজ ছিল না।
সরাসরি বিশ্বকাপে যেতে আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো আয়ারল্যান্ডকে। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ সময়ের আগে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হারও প্রয়োজন ছিল তাদের।
এই দুই সমীকরণ মিললে র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ছিল আইরিশদের। তবে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর সুযোগ আর নেই। ফলে অন্য ফল নিজেদের পক্ষে গেলেও সরাসরি বিশ্বকাপে যেতে পারবে না তারা।
বিশ্বকাপে জায়গা পাওয়ার সুযোগ অবশ্য পুরোপুরি শেষ হয়ে যায়নি আয়ারল্যান্ডের। এখন তাদের খেলতে হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে। সেখান থেকে বিশ্বকাপের টিকিট অর্জনের জন্য নতুন করে লড়াই করতে হবে পল স্টার্লিংয়ের দলকে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি আয়ারল্যান্ড। সেবার বাছাইপর্বের সুপার সিক্স থেকেই বিদায় নিয়েছিল তারা। এবার সরাসরি টিকিটের শেষ আশাও বৃষ্টিতে ভেসে যাওয়ায় টানা দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা পেতে আবারও কঠিন বাছাইয়ের পথ পাড়ি দিতে হবে দলটিকে।
আগামী শুক্রবার ব্রেডিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। পরের তিনটি ম্যাচ হবে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টের স্টরমন্টে।