২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি। কোন ১৪টি দল খেলবে সেই তালিকাও চূড়ান্ত হয়নি। প্রকাশ হয়নি সূচিও। তবে অপেক্ষা না করে বিশ্বকাপের প্রচারণা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। এরপর আয়োজক তিন দেশকে ঘিরে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয় যেখানে আফ্রিকার ক্রিকেট সংস্কৃতি, দর্শকদের আবেগ এবং আয়োজক দেশগুলোর পরিবেশ তুলে ধরা হয়েছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার আরও একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। প্রায় ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটিতে বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসও স্থান পেয়েছে। তবে ভিডিওতে বাংলাদেশের দর্শকদের দেখানো হলেও জাতীয় দলের কোনো ম্যাচ বা ঐতিহাসিক সাফল্যের দৃশ্য রাখা হয়নি।
বিশ্বকাপে বাংলাদেশের স্মরণীয় অর্জনের তালিকা কম নয়। কিন্তু কোনোটিই আইসিসির নতুন প্রচারণা ভিডিওতে জায়গা পায়নি। ভিডিওটির শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডের ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য দেখা যায়। এরপর একে একে উঠে আসে শচীন টেন্ডুলকারের শতকের উল্লাস, বিরাট কোহলির উদযাপন, শেন ওয়ার্নের জাদুকরী স্পিন, মহেন্দ্র সিং ধোনির ২০১১ সালের বিশ্বকাপজয়ী ছক্কা এবং বিভিন্ন দেশের শিরোপা উদযাপনের মুহূর্ত।
বাংলাদেশ অংশে দেখা যায় সবুজ-লাল পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাস। ধারণা করা হচ্ছে, এটি ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর প্রবাসী বাংলাদেশিদের উদযাপনের দৃশ্য। সেই ম্যাচে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের কোনো খেলার দৃশ্য ভিডিওতে ব্যবহার করা হয়নি।
ভিডিওতে আরও রয়েছে ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরামের উদযাপন, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের শিরোপা জয়ের মুহূর্ত এবং আয়ারল্যান্ডের স্মরণীয় সাফল্যের ঝলক। সমাপ্তি হয়েছে ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ের দৃশ্য দিয়ে।