বিশ্বকাপসহ নিজেদের বড় প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় এবার ফিফার ভেতর থেকেই বড় ধাক্কা এল। পরিকল্পনাটির প্রতিবাদে পদত্যাগ করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কোরদেইরো।
শুক্রবার তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দেন কোরদেইরো। বিবৃতিতে তিনি জানান, বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির কথা ফিফা বিবেচনা করার সময় নীরব থাকা তার পক্ষে সম্ভব নয়।
সাবেক মার্কিন ফুটবল ফেডারেশন সভাপতি কোরদেইরো হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সে ফিফার প্রতিনিধিও ছিলেন। প্রস্তাবটি তৈরিতে নিজের কোনো ভূমিকা ছিল না জানিয়ে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি।’
বিশ্বকাপ ও নিজেদের অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিষ্ঠানটির মূল্য ধরা হয়েছে ২ হাজার কোটি ডলার। এর সর্বোচ্চ ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চায় ফিফা।
কোরদেইরোর মতে, প্রস্তাবটি ফিফার সদস্য অ্যাসোসিয়েশন, বিশ্ব ফুটবল এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ, সব ক্ষেত্রেই ক্ষতিকর। ফিফার হাতে বিপুল অর্থের মজুত থাকা এবং কোনো ঋণ না থাকার পরও সবচেয়ে মূল্যবান সম্পদের স্থায়ী অংশীদারত্ব বিক্রির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
গত চার বছরে ফিফা প্রায় দেড় হাজার কোটি ডলার আয় করেছে উল্লেখ করে কোরদেইরো বলেন, বর্তমান সম্পদ থেকেই সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে অতিরিক্ত সহায়তা দেওয়ার সামর্থ্য সংস্থাটির রয়েছে। এই অবস্থায় ৪২০ কোটি ডলার সংগ্রহের জন্য বিশ্বকাপের স্থায়ী অংশীদারত্ব বিক্রি করা তার কাছে অর্থহীন।
দীর্ঘদিন বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করা কোরদেইরোর ভাষায়, এর মাধ্যমে কোনো জোরালো কারণ ছাড়াই ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখা হবে। প্রস্তাবটি প্রত্যাখ্যানের পাশাপাশি ফিফার অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও প্রকাশ্যে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।
ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে অবস্থান নিয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বহাল থাকলে ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তও নিয়েছে ইউরোপের ৫৫টি দেশ। এত দিন আঞ্চলিক ফুটবল সংস্থাগুলো থেকে বিরোধিতা এলেও কোরদেইরোর পদত্যাগে ফিফার অভ্যন্তরীণ অসন্তোষও প্রকাশ্যে এল।
তবে বিরোধিতার মুখেও পরিকল্পনাটি নিয়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটি দাবি করেছে, তারা ফুটবল বিক্রি করছে না এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছাড়া নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে না। প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সদস্যদের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
২০২১ সালে কোরদেইরোকে বৈশ্বিক কৌশল ও পরিচালনাবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল ফিফা। পদত্যাগের সময় সাবেক সহকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, এত বড় সিদ্ধান্ত ফুটবলের স্বার্থে নেওয়া উচিত, যারা এটি থেকে লাভবান হতে পারে তাদের স্বার্থে