Image description

দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়ায় আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবেন নাজমুল হোসেন শান্তরা। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নকে নিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে সেরা দল ঘোষণা করে তারা বুঝিয়েছে, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না মোটেও।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া সেই সিরিজটি নিয়ে আজ নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণে এসে কথা বলেছেন নাজমুল। সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল নিয়ে নাজমুল বলেছেন ‘স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়ত অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের।’

নাজমুল আরও যোগ করলেন, ‘ওরা যে দল দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ ওদের বিপক্ষে কত ভালো খেলতে পারি। আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দলটা নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’

১৩ আগস্ট প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টেস্ট ২২ আগস্ট।