বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। ম্যাচ শেষে নিজের হতাশা ভাষায় প্রকাশ করতে না পেরে দলের বাসচালক মাইকেল চ্যান্ডলারের লেখা একটি কবিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জুড বেলিংহাম।
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ দিকে এনসো ফার্নান্দেস ও লাউতারো মার্তিনেসের দুই গোলে ম্যাচ ঘুরিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।
পুরো টুর্নামেন্টে ছয় গোল করা রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গতকাল এবং গত কয়েক সপ্তাহ নিয়ে কী বলব তা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কানসাসে আমাদের বাসচালক যে কবিতাটি লিখেছেন সেটিই আমার অনুভূতিটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করেছে।‘
সমর্থকদের উদ্দেশে বেলিংহাম আরও লেখেন, ‘দেশে থাকা সবাইকে এবং নিজেদের কষ্টার্জিত অর্থ খরচ করে যুক্তরাষ্ট্রে এসে আমাদের সমর্থন জানানো প্রত্যেককে ধন্যবাদ। এই টুর্নামেন্ট শেষ হলেও আমাদের দেশের ঐক্য ও ভালোবাসা যেন শেষ না হয়। আমরা একসঙ্গে থাকলে বড় কিছু অর্জন করতে পারি। আর আমরা তা করবই।‘
বেলিংহামের শেয়ার করা দীর্ঘ কবিতায় মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও দলগত ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কবিতায় বলা হয়েছে, প্রকৃত শক্তি শুধু শারীরিক সামর্থ্যে নয়, বরং প্রতিকূলতার মুখেও নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতায়। ট্রফি ও করতালি একসময় ম্লান হয়ে যায়, কিন্তু আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ় মানসিকতাই একজন মানুষকে প্রকৃত বিজয়ী করে তোলে।
ইংল্যান্ডের সেমিফাইনাল বিদায়ের হতাশার মাঝেও সেই বার্তাই সমর্থকদের সঙ্গে ভাগ করে নিলেন বেলিংহাম।