গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে আগামীকাল শনিবার বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য।
জামায়াত সূত্র জানায়, বিভাগীয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বরিশাল বিভাগ জামায়াতের সংশ্লিষ্ট শাখাগুলোর প্রতি এবং সার্বিকভাবে সফল করতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এদিকে বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ শুক্রবার বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দান পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।