ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বৈরথ গড়িয়েছে প্রায় ৬০ বছরে। ফুটবল বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে দুই দেশ। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে এক চোট কথার লড়াইও হয়েছে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়েও ছিল শারীরিক শক্তির প্রদর্শনী। এর মধ্যে সবার নজর কাড়ে দুই দলের মধ্যমনি লিওনেল মেসি ও জুড বেলিংহামের একে অপরকে দিকে আঙুল উঁচিয়ে তর্কের দৃশ্য। ওই মুহূর্তেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। এরপর আগ্রহের কেন্দ্রে আসে- তাঁরা একে অপরকে কি বলেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। তিনি বলেন, আমরা একটা ফাউল নিয়ে কথা বলছিলাম। এটা তেমন কোনো সিরিয়াস বিষয় না। অনেকে অনেক কিছু বলে বড় কিছু বানাতে চায়, যদিও এটি খুবই সাধারণ ঘটনা।
বেলিংহাম বলেন, ‘আমার মনে হয়েছিল, একটু আগে একটা ফাউল হয়েছে। মেসি বলল, তাহলে আমার ওপর করা ফাউলটার কী হবে? আমি তাকে বললাম, তুমি তো যথেষ্ট শক্তিশালী, সামলে নিতে পারবে। ব্যস, এতটুকুই।’
কথার লড়াইয়ে যায় হোক, ম্যাচে শেষ হাসি অবশ্য হেসেছেন মেসি। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও মেসির জোড়া অ্যাসিস্টে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচটি জিতেছে।
ম্যাচে হারলেও মেসির প্রতি শ্রদ্ধার কথাও জানিয়েছেন বেলিংহাম। তিনি বলেন, মেসির বিপক্ষে খেলতে পারাটাই দারুণ ব্যাপার। ওয়ান-টু-ওয়ান লড়াইয়ে তাঁর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমরা হেরে গেছি, তবে মেসির বিপক্ষে মাঠ শেয়ার করতে পারাটা সবসময়ই গর্বের।