সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা আপন দুই ভাই। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা আব্দুল মালেক। সজীব ও সুজনের সহকর্মীরা মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি জানান বলে জানিয়েছেন তিনি।
নিহতদের স্বজনরা জানান, দুই ভাই সৌদী আরবের জেদ্দায় খেজুরের ব্যবসা করতেন। বুধবার রাতে রিয়াদ থেকে খেজুর নিয়ে প্রাইভেটকারে করে জেদ্দায় ফিরছিলেন তারা। গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেছেন, ‘নিহতদের পরিবার থেকে এখনো কেউ কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’