২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে নাটকীয় হারের কয়েকদিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে।
সেনেগালের সংবাদমাধ্যম লে কোটিদিয়েনে প্রকাশিত এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, জাতীয় দলের হয়ে তার পথচলার ইতি টানছেন তিনি। বিদায়ী বার্তায় মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছুই উৎসর্গ করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং দেশের জন্য সবসময় সর্বোচ্চ লড়াই করেছি।‘
২০২১ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের অন্যতম নায়ক মানে ক্লাব ক্যারিয়ারে ফ্রান্সের মেটজে নিজের যাত্রা শুরু করেছিলেন। পরে লিভারপুলে দুর্দান্ত সাফল্য অর্জন করে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইংলিশ ক্লাবের হয়ে তিনি প্রিমিয়ার লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু জয় করেছেন।
২০১২ সালে অভিষেকের পর ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেনেগালের জার্সিতে খেলেছেন ১৩২টি ম্যাচ। করেছেন ৫৫টি গোল।