গত ৭ জুলাই চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মিশরের সাথে আর্জেন্টিনা শ্বাসরুদ্ধকর জয় পায়। ম্যাচ শেষে ওঠে রেফারিং নিয়ে বিতর্কও। অনেকেই অভিযোগ করেন ম্যাচ রেফারি আর্জেন্টিনার পক্ষে পক্ষপাত্মূলক কিছু সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজ২৪ ডট কম গতকাল দুপুর ১২টা ৩৮ মিনিটে ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ‘‘পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো এই ম্যাচটিকে ‘দিনের আলোতে ডাকাতি’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গোল হওয়ার পর সেটি বাতিল করা লজ্জাজনক। ফাউল হলে খেলা তখনই থামানো উচিত ছিল, গোল পর্যন্ত অপেক্ষা করা নয়।’’ বাংলা নিউজ প্রতিবেদনের সুত্র হিসেবে আল জাজিরার কথা উল্লেখ করে।
এরপরই বাংলাদেশের মূলধারার বেশিরভাগ সংবাদমাধ্যমে জোসে মরিনিয়োর এই মন্তব্য কোট করে প্রতিবেদন প্রকাশিত হয়।
বাংলা নিউজের প্রতিবেদনের সুত্র ধরে দ্য ডিসেন্ট আল জাজিরার প্রতিবেদন যাচাই করতে গিয়ে পর্তুগিজ ফুটবল আইকন জোসে মরিনিয়োর নামে এই মন্তব্য পায়। আল জাজিরার প্রতিবেদনে লেখা ছিল, ‘‘Portuguese football icon Jose Mourinho reportedly called the match “daylight robbery”. অর্থাৎ আল জাজিরাও মরিনিয়ো কোথায় এমন মন্ত্যব্য করেছেন তা উল্লেখ করেনি।
আল জাজিরার প্রতিবেদনে মরিনিয়োর বরাতে ইংরেজিতে আরও লেখা ছিল, ‘‘ফুটবল যে দিকে যাচ্ছে, তা সত্যিই দুঃখজনক। খেলা চলতে দেওয়া হলো, গোলও হয়ে গেল, তারপর আবার ফিরে গিয়ে সেটি বাতিল করা হলো; এটা কীভাবে সম্ভব? যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।’’
পরবর্তীতে দ্য ডিসেন্ট সকল সামাজিক যোগাযোগমাধ্যম, ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন প্রেস কনফারেন্সসহ সম্ভাব্য সকল মাধ্যমে খুঁজেও মরিনিয়োর এমন কোনো মন্তব্য পায়নি।
আল জাজিরার ভুল সংশোধন
দ্য ডিসেন্ট কোথায় এই মন্তব্যের উৎস না পেয়ে আল জাজিরার সংশ্লিষ্ট প্রতিবেদনের রিপোর্টারের কাছে এই বক্তব্যের উৎস জানতে ইমেইল পাঠায়। পরবর্তীতে আল জাজিরা তাদের ওই প্রতিবেদন থেকে মরিনিয়োর মন্তব্যটি বাদ দেয়। সাথে সংশোধনী দিয়ে ইংরেজিতে লিখেছে, ‘‘এই প্রতিবেদনের আগের সংস্করণে পর্তুগিজ ফুটবল কোচ জোসে মরিনিয়োর একটি মন্তব্যের উল্লেখ ছিল। তবে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে নির্ভরযোগ্য কোনো উৎসে ওই মন্তব্যের প্রমাণ খুঁজে পায়নি আল জাজিরা। তাই সংশ্লিষ্ট মন্তব্যটি প্রতিবেদন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’’
তবে পরদিন (৮জুলাই) আল জাজিরায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘‘Portuguese football icon Jose Mourinho reportedly termed the match ‘‘daylight robbery’’। এ প্রতিবেদনটি এখনও সংশোধন করেনি আল জাজিরা।
বাংলাদেশের যেসকল মিডিয়া প্রতিবেদন করেছে
কী ওয়ার্ড সার্চ করে দ্য ডিসেন্ট বাংলাদেশের যেসকল সংবাদ মাধ্যমে এই ভুয়া মন্তব্য ঘিরে প্রতিবেদন পেয়েছে— বাংলানিউজ২৪ ডট কম, যুগান্তর, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, আমার দেশ, নয়া দিগন্ত, চ্যানেল২৪, এখন টিভি, বাংলাভিশন, এটিএন নিউজ, নাগরিক টিভি, কালবেলা, ঢাকা পোস্ট, টাইমস টুডে, এদিন, বার্তা বাজার, বিডি২৪লাইভ, বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা এবং নিউজবাংলা২৪।