বিশ্বকাপের শেষ ষোলোতে এবার আফ্রিকার চ্যালেঞ্জ। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মুখোমুখি হতে যাচ্ছে মিশরের। মঙ্গলবার (স্থানীয় সময়) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শুরুর একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। লক্ষ্য মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। খবর টিওয়াইসি স্পোর্টসের
আর্জেন্টিনার একাদশে সবচেয়ে বড় পরিবর্তন আসছে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে। চোট কাটিয়ে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। মেদিনা তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে দায়িত্ব সামলালেও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ক্র্যাম্পের কারণে শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি। আক্রমণভাগেও পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হচ্ছে হুলিয়ান আলভারেজকে।
জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো। অন্যদিকে গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আলভারেজ এবার প্রথমবারের মতো নকআউট পর্বে শুরু থেকেই মাঠে নামতে যাচ্ছেন।
মাঝমাঠেও দেখা যাবে নতুন সমন্বয়। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হওয়ায় বদলি হিসেবে নেমে ভালো খেলা লিয়ান্দ্রো পারেদেসকে এবার শুরুর একাদশে রাখছেন স্কালোনি। তার অন্তর্ভুক্তিতে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন থিয়াগো আলমাদা। পারেদেস খেলবেন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায়, যেখানে এতদিন দায়িত্ব পালন করছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফলে ম্যাক অ্যালিস্টার কিছুটা এগিয়ে খেলতে পারবেন এবং এনজো ফার্নান্দেজের সঙ্গে মাঝমাঠে ভারসাম্য গড়ে তুলবেন পারেদেস। এই পরিবর্তনের মাধ্যমে নকআউট ম্যাচে আরও নিয়ন্ত্রিত ও সংগঠিত ফুটবল খেলতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।