Image description

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের ২৪ মিনিটের সময় করা গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদর দপ্তরে আপিল করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিএআরের দ্বিমুখী নীতির প্রতিবাদ জানিয়ে ফিফাকে পাঠানো চিঠিতে ব্রাজিল সরাসরি টেনে আনে লিওনেল মেসির প্রসঙ্গ।

ব্রাজিলের ক্ষোভের মূল কারণ—একই টুর্নামেন্টে দুই দলের জন্য দুই নিয়ম।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার কাছে পাঠানো আনুষ্ঠানিক অভিযোগে সিবিএফ দাবি করেছে, মেক্সিকান রেফারি সিজার আরতুরো রামোস ভিনিসিয়ুসের যে গোলটি বাতিল করেছেন, তা ভিএআর প্রোটোকলের লঙ্ঘন। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় জ্যাক হেন্ড্রিকে ফাউল করার অজুহাতে গোলটি বাতিল করা হয়। যেখানে সিবিএফের দাবি, খোদ স্কটল্যান্ডের ফুটবলাররাই সেখানে ফাউলের আবেদন করেননি, সেখানে ভিএআর কোন আপিল ছাড়া নিজ থেকে এসে গোলটি বাতিল করেন।

নিজেদের দাবি জোরালো করতে ব্রাজিল ফুটবল ফেডারেশন গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের প্রসঙ্গ টানেন। যেখানে মেসির করা প্রথম গোলের বিল্ডআপের সময় ম্যাক অ্যালিস্টার যখন মেসিকে বল পাস দেন, তার আগমুহূর্তে অস্ট্রিয়ান খেলোয়াড় জ্যাভিয়ারকে একইভাবে চ্যালেঞ্জ করে বল নেন। কিন্তু সেবার ভিএআর বুথ থেকে কোনো আপত্তি তোলা হয়নি, মেসির গোলটি বহাল ছিল।

ফিফার কাছে ব্রাজিলের সোজাসাপ্টা প্রশ্ন মেসিদের বেলায় যে চ্যালেঞ্জটি বৈধ, ভিনিসিয়ুসের বেলায় তা ফাউল হয় কীভাবে? রেফারিদের এই দ্বিমুখী পরিমাপকাঠি টুর্নামেন্টের স্বচ্ছতাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলে জানায় সিবিএফ।

ফিফাকে দেওয়া চিঠিতে সিবিএফ বলেছে, ‘আমাদের উদ্দেশ্য ম্যাচের ফলাফল বদলে ফেলা নয়। বরং আমরা চাই পুরো টুর্নামেন্টে যেন সবার জন্য নিয়মের পরিমাপকাঠি সমান, স্বচ্ছ ও সুসংগতিপূর্ণ হয়। এক দলের জন্য এক নিয়ম আর অন্য দলের জন্য আরেক নিয়ম এটি কোনোভাবেই টুর্নামেন্টের স্বচ্ছতার জন্য গ্রহণযোগ্য নয়।’

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও এই মেক্সিকান রেফারির বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের জন্য ফিফার কাছে নালিশ জানিয়েছিল সেলেসাওরা। আট বছর পর আবারও সেই একই রেফারি যেনো ব্রাজিলের সঙ্গে একই আচারণ করে ক্ষোভের আগুনে ঘি ঢাললেন।

যদিও ম্যাচটিতে ভিনিসিয়ুসের জোড়া গোল এবং মাথিউস কুনিয়ার স্ট্রাইকে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলোত্তির শিষ্যরা।