Image description

ইরাকের এক মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন ফরাসি অধিনায়ক।

ম্যাচের ৫৪তম মিনিটে নিজেদের অর্ধে বল নিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনে ইরাক। মিডফিল্ডার আহমেদ কাসেমের ব্যাকপাস এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল সেটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন।

সুযোগটি হাতছাড়া করেননি ওসমান দেম্বেলে। বল কুড়িয়ে নিয়ে গোলের সামনে এগিয়ে গেলেও নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে পাশে থাকা এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দেন তিনি।

ফাঁকা জাল সামনে পেয়ে কোনো ভুল করেননি এমবাপ্পে। সহজ এক টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এবং ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি ক্লোসার পাশে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। এখন তার সামনে আছেন শুধু লিওনেল মেসি, তার বিশ্বকাপ গোলসংখ্যা ১৮।

মাত্র দুই গোল দূরে থাকা এমবাপে চলতি আসরেই মেসির রেকর্ড স্পর্শ করার সুযোগ পাচ্ছেন। আর যেভাবে গোল করে চলেছেন ফরাসি অধিনায়ক, তাতে সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ নাও হতে পারে।