নানা আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক ছাপিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থায়ী সভাপতি হলেন তামিম ইকবাল। রবিবার (৭ জুন) বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিবির ইতিহাসে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি।
এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তামিম। সেই সময় তাকে নিয়ে সমালোচনা নেহাত কম হয়নি। বিশেষত, জাতীয় সংসদে বিসিবিকে 'বাপের দোয়া ক্রিকেট বোর্ড' হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়ায় ক্রিকেটকে আনতে চান তিনি।
বিসিবির নতুন সভাপতি বলেন, অনেকে অনেক রকম ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত মতামত। দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না।
পরিচালক হওয়ার পর সভাপতি পদে একক প্রার্থী ছিলেন তামিম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।