Image description

ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার ঠিক আগের রাতে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে সান্তোসের খেলা দেখতে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। গ্যালারিতে তার সাথে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। ম্যাচ শেষে সান্তোস ৩-০ গোলে দেপোর্তিভো কুয়েনকাকে হারিয়ে কোপা সুদআমেরিকানার প্লে-অফে ওঠার পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার।

ডান পায়ের কাফ মাসলেরচোটের কারণে তিনি কোচ কার্লো আনচেলত্তির জন্য 'সমস্যা' হয়ে দাঁড়াবেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নে কিছুটা বিরক্ত ও চ্যালেঞ্জিং সুরে জবাব দেন সেলেসাওদের এই পোস্টার বয়, "আমার কাফ মাসল পুরো ঠিক আছে!"

কাফ মাসলের চোটের অবস্থা জানতে চাইলে নিজের পায়ের দিকে ইশারা করে নেইমার বলেন, এই তো এখানে, পুরো আস্ত আছে!'

এরপর যখন প্রশ্ন করা হয় যে বিশ্বকাপের আগে এই চোট কোনো 'সমস্যা' তৈরি করবে কি না, তখন কিছুটা রেগে গিয়ে নেইমার পাল্টা প্রশ্ন করেন, 'সমস্যা? কিসের সমস্যা?'

নেইমারের এই আত্মবিশ্বাসী বার্তার পেছনে অবশ্য মেডিকেল রিপোর্টও কথা বলছে। সান্তোস ক্লাব কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী: নেইমারের কাফ মাসলের ফোলা বা ইনজুরিটি) মাত্র ২ মিলিমিটারের চেয়েও কম।

গ্রেড-২ মাত্রার এই ইনজুরির জন্য সাধারণত ১০ দিনের বিশ্রামের প্রয়োজন হয়। কুরিটিবার বিপক্ষে ম্যাচের পর গত মঙ্গলবারই (২৬ মে) নেইমারের সেই ১০ দিন পূর্ণ হয়েছে। গত এক সপ্তাহ তিনি মাঠের অনুশীলন না করে কেবল ফিজিওথেরাপি নিয়েছেন।

সান্তোসের কোচ কুকা  ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, "নেইমার দিন দিন আরও ভালো হয়ে উঠছে। ও আগামীকালই জাতীয় দলে যোগ দিচ্ছে এবং এখন বাকি দায়িত্ব সেলেসাওদের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের। ও এখানে পুরো চিকিৎসা করিয়েছে, এখন যে সামান্য একটু বাকি আছে, সেটা জাতীয় দলের ক্যাম্পেই শেষ হবে।"