ইউরো ২০২৪-এর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন জার্মানির কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। কিন্তু বিশ্বকাপের আগে জার্মানির গোলবারে আবার ফিরছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। শুধু স্কোয়াডে ফেরা নয়, কোচ ইউলিয়ান নাগেলসমান তাকে সরাসরি প্রথম পছন্দের গোলকিপার হিসেবেই ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগেলসমান। সেখানে বায়ার্ন মিউনিখের ৪০ বছর বয়সি নয়্যারকে রাখা হয়েছে গোলকিপারদের তালিকার প্রথম নাম হিসেবে। এতদিন হফেনহাইমের অলিভার বাউমানকে নিজের প্রথম পছন্দ হিসেবে বলে আসছিলেন জার্মান কোচ। তবে চূড়ান্ত দল ঘোষণার সময় বদলে গেল সেই হিসাব।
সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেন, নয়্যারকে নিয়েই তিনি ‘নম্বর ওয়ান’ পরিকল্পনা করছেন। তার ভাষায়, মূল কাজ ছিল সেরা তিন গোলকিপার বেছে নেওয়া। সে কারণেই নয়্যার, বাউমান ও আলেক্সান্ডার ন্যুবেলকে দলে রাখা হয়েছে।
জার্মান কোচ আরও জানান, জাতীয় দলে ফেরার বিষয়ে নয়্যারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপরই অভিজ্ঞ গোলকিপার বিশ্বকাপ দলে ফেরার সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নয়্যার, যা তাকে ফুটবল ইতিহাসের বিশেষ এক তালিকায় জায়গা দেবে।
নয়্যারের মৌসুমটিও খারাপ যায়নি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতেছেন তিনি। সামনে জার্মান কাপের ফাইনালে ভিএফবি স্টুটগার্টকে হারাতে পারলে ঘরোয়া ডাবল জয়ের সুযোগও আছে বায়ার্নের। গত সপ্তাহেই ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছেন নয়্যার।
নাগেলসমানের স্কোয়াডে বড় চমক খুব বেশি নেই। তবে বায়ার্নের তরুণ লেনার্ট কার্ল জায়গা পেয়েছেন, যিনি এই মৌসুমে দ্রুত উত্থানের গল্প লিখেছেন। দলে আছেন নাদিয়েম আমিরি ও লেরয় সানেও, যাদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কিছুটা সংশয় ছিল।
জার্মানির গ্রুপ ‘ই’-তে প্রতিপক্ষ কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের ধাক্কা এবার পেছনে ফেলতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নাগেলসমান সরাসরিই বলেছেন, তাদের লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। এখন সেই দাবির প্রমাণ প্রতিদিন মাঠে দেখাতে হবে খেলোয়াড়দের।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার:
ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার:
নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, নাথানিয়েল ব্রাউন, জোনাথান তাহ, ভাল্ডেমার আন্তন, পাসকাল গ্রস, জশুয়া কিমিখ, ফেলিক্স এনমেচা, মালিক থিয়াও, আলেক্সান্ডার পাভলোভিচ, আন্তোনিও রুডিগার, আঞ্জেলো স্টিলার।
মিডফিল্ডার/ফরোয়ার্ড:
লিওন গোরেৎসকা, ম্যাক্সিমিলিয়ান বায়ার, জামাল মুসিয়ালা, নাদিয়েম আমিরি, জেমি লেভেলিং, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, ফ্লোরিয়ান ভির্টজ, দেনিজ উন্দাভ, নিক ভল্টেমাডে, লেরয় সানে।