Image description

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে আজ সোমবার তিনি ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৩ সেঞ্চুরি করে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা মুমিনুল হক নেমে গেলেন দুইয়ে। তিনে আছেন তামিম ইকবাল (১০), চারে নাজমুল হোসেন শান্ত (৯) এবং পাঁচে লিটন দাস (৬)।

সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) দ্রুত আউট হওয়ায় ধীরেসুস্থে খেলে মুশফিক আজ ফিফটি পূরণ করেছেন ১০৩ বলে। এরপর কিছুটা হাত খোলেন ‘মি. ডিপেন্ডেবল’। লিটনের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১৮৮ বলে ১২৩ রানের দারুণ এক জুটি। ৬৭ বলে ফিফটি করা লিটন আবারও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৬৯ রানে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

মেহেদী হাসান মিরাজ এবারও ব্যাট হাতে ব্যর্থ। ৩৯ বলে ১৯ রান করে মুশফিককে আবারও নিঃসঙ্গ করে দেন। প্রথম ইনিংসে টেইল এন্ডারদের নিয়ে লিটন দাস যে লড়াইটা করেছিলেন, এদিন মুশফিককে নামতে হয় সেই লড়াইয়ে। তাইজুলকে সঙ্গী করে আব্বাসকে বাউন্ডারি মেরে ১৭৮ বলে তুলে নেন সেঞ্চুরি।

তিন অঙ্কে যাওয়ার পথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান মুশফিক। ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিক তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮৭.৪ ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩ রান। লিড হয়েছে ৩৭৯ রানের।