Image description

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আর মাত্র এক ধাপ দূরে মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সেও জাতীয় দলের প্রতি তার ভালোবাসা ও আবেগ একটুও কমেনি। বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে গিয়ে আবেগঘন বার্তায় সেটিই জানালেন অভিজ্ঞ এই গোলকিপার।

বর্তমানে সাইপ্রাসের ক্লাব এইইএলের হয়ে খেলছেন ওচোয়া।

তবে বয়স বাড়লেও এখনো তিনি মেক্সিকো জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।

 

বিশ্বকাপ প্রস্তুতির শেষ ক্যাম্পে যোগ দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় এক বার্তা দেন তিনি।

ওচোয়া লেখেন, ‘এবার আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখছি। হৃদয় এখন আরও পরিপূর্ণ, আছে আরো বেশি ক্ষত আর স্মৃতি।

কিন্তু সেই ছোট্ট শিশুটির মতো আবেগ এখনো একই আছে, যে একদিন এই জার্সি রক্ষার স্বপ্ন দেখেছিল।’

 

তিনি আরো বলেন, ‘ফুটবল হয়তো বছর গুনে, কিন্তু আবেগ কখনো সময় গোনা শেখেনি।’

বিশ্বমঞ্চে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত ওচোয়া নিজের দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিও তুলে ধরেন বার্তায়। তবে অতীত নয়, এখনো দেশের জন্য লড়াই করার ইচ্ছাই তাকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

 

মেক্সিকান এই গোলরক্ষক বলেন, ‘যত দিন দেশের হয়ে লড়াই করার সুযোগ থাকবে, আমার হৃদয় সবসময় এই দলের সঙ্গেই থাকবে।’ 

সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়বেন ওচোয়া। এর আগে পাঁচটি বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন তিনি। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে পারলে মেসি-রোনালদোর সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম বিরল কীর্তির অংশ হয়ে যাবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।