Image description

পাকিস্তান বাংলাদেশকে চাপেই ফেলে দিয়েছিল। তবে তৃতীয় দিনের শুরুতে সেই চাপটা পাকিস্তানের ওপরই ফিরিয়ে দিয়েছে স্বাগতিকরা। ১৭ রানের ব্যবধানে তুলে নিয়েছে ৪ উইকেট।

১ উইকেট হারিয়ে ১৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। আজ দিনের শুরুতে কোনো উইকেট না হারিয়ে ২১০ রানে পৌঁছে গিয়েছিল দলটা। 

এরপরই ধসের শুরু। এই ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান পাকিস্তান ওপেনার আজান ওয়াইসকে। অভিষিক্ত এই ব্যাটারকে সেঞ্চুরির পরই ফেরান তিনি, স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন আজান।

এরপর অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গেলে শর্ট পয়েন্টে থাকা সাদমান ইসলাম নিচু হয়ে দারুণভাবে ক্যাচ নেন। মাসুদ ফেরেন ১৭ বলে ৯ রান করে।

আগের দিন প্রথম উইকেটটা মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন। আজও তিনি দৃশ্যপটে চলে আসেন, তুলে নেন ২ উইকেট। মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সৌদ শাকিলকে। 

আরেক থিতু ব্যাটার আব্দুল্লাহ ফজলকেও সাজঘরের রাস্তা দেখান মিরাজ। তার বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন ফজল, ফেরার আগে তিনি করেন ১২০ বলে ৬০ রান। ফলে সকালে ২০ রানের এদিক ওদিকে ৪ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। 

তবে সংখ্যাটা ৫ ও হতে পারত। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে দেন পাক ব্যাটার সালমান আলী আগা। সে ক্যাচ লিটন তালুবন্দি করলেও উইকেট পাননি তাসকিন, কারণ বল করার আগেই ক্রিজের বাইরে পা চলে গিয়েছিল তাসকিনের। ফলে নো বল ডেকে বসেন আম্পায়ার, আউট হয়েও বেঁচে ফেরেন সালমান।