দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শুক্রবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তাকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সাইম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু নাঈম।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার এই সফরে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বিশেষ করে দুই দেশের মধ্যে নিয়মিত সিরিজ আয়োজন এবং বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
বিসিবি সূত্র জানায়, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম দেখা।
বিসিবির পক্ষ থেকে মহসিন নাকভিকে প্রথম টেস্টের মধ্যাহ্নভোজ ও বিশেষ সংবর্ধনা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরটি দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।